খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনার তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শনিবার (২৫ অক্টোবর) বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “আমি মনে করি বিমানবন্দরের আগুন একটি দুর্ঘটনা। বিমানবন্দরের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেছে। আমরা চাই চার দেশের বিশেষজ্ঞরা এসে তদন্ত করে আগুনের কারণ ও দায়ভার নির্ধারণ করুক।”
তিনি আরও জানান, দাহ্য পদার্থের বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতেও সময় লেগেছে। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরের দিন বিকেলে পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়।
খবরওয়ালা/টিএসএন