খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
আন্দোলনে আহত বা সম্পৃক্ত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটে নাম থাকা ১২৮ জনের তালিকা বাতিল করেছে সরকার। এর মধ্যে ২৩ জনের নাম ছিল দ্বৈত গেজেটে, আর ১০৫ জনের নাম বাতিল হয়েছে তারা প্রকৃত আহত না হওয়ায় বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায়।
বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেটে কিছু ব্যক্তির নাম প্রকৃতপক্ষে আহত না হয়েও অন্তর্ভুক্ত হয়েছে। কয়েকজনের নাম আবার একাধিকবার গেজেটে প্রকাশিত হয়েছে। জেলা কমিটির যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতে এসব নাম বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
বাতিল হওয়া ১২৮ জনের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেটের ২৭ জন, চট্টগ্রামের ৩৯ জন, খুলনার ৯ জন, রংপুরের ৩ জন, ঢাকার ১৪ জন, রাজশাহীর ১৩ জন এবং বরিশালের ২ জন রয়েছেন।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বৈত গেজেটের কারণে ২৩ জনের এবং আহত না হয়ে আন্দোলনে সম্পৃক্ত না থাকার কারণে ১০৫ জনের গেজেট বাতিল করা হয়েছে।
এছাড়া যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, অথবা যারা এই প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন এবং বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।