খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান ও উত্তেজনাপূর্ণ মনোভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে আমরা ঠিক বুঝতে পারছি না। এত দিন আলোচনার পরও যদি ঐকমত্য না আসে, তাহলে আমরা আসলে কীভাবে এগোব, তা নিয়ে সত্যিই চিন্তায় পড়েছি।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা জানান, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এখন পরস্পরবিরোধী এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে ২৭০ দিন ধরে আলোচনার পরও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সুর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতার কোনো দলিল পাশ করা সরকারের জন্য এখন এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
ড. আসিফ নজরুল বলেন, ‘এর আগে সনদের বিষয়বস্তু নিয়েই বিরোধ ছিল। এখন নতুন করে আরও দুটি ধরনের মতবিরোধ তৈরি হয়েছে—একটি হচ্ছে, এটি কী পদ্ধতিতে পাশ করা হবে; অন্যটি হলো, গণভোট কবে অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থনের পক্ষে থাকা দলগুলো এখন একে অপরের বিপরীতে অবস্থান নিয়েছে।’
তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশন এ বিষয়ে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাবে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গণভোটের আয়োজন করা হবে, এবং ২৭০ দিনের মধ্যে যদি প্রক্রিয়া সম্পন্ন না হয়, তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হিসেবে গৃহীত হবে। তবে এই প্রক্রিয়ার কোনো নজির আছে কি না এবং বাস্তবায়নযোগ্য কি না, সেটি যাচাই করে দেখা হবে।
দ্বিতীয় বিকল্প প্রস্তাবে বলা হয়েছে, এই পুরো প্রক্রিয়ার দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া যেতে পারে।
ড. আসিফ নজরুল বলেন, ‘এই দুই বিকল্পের কোনটি বেশি গ্রহণযোগ্য—তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। বিশেষ করে গণভোটের সময়সূচি নিয়ে বিরোধ এখন তীব্রতম পর্যায়ে পৌঁছেছে। এ বিষয়ে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, আর আমরা তাঁকে সহায়তা করব। সিদ্ধান্ত যা-ই হোক না কেন, আমরা সেটিতে খুব দৃঢ় থাকব এবং খুব দ্রুতই তা জানানো হবে।’