রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এক বিএনপি কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর ছেলে মুহাম্মদ কামাল (৫০) ও চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮)সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ। এছাড়া গাঁজা ও বিদেশি মদও পাওয়া গেছে। বাড়ির আঙিনা, পুকুরপাড় ও আলমারিসহ বিভিন্ন স্থানে এসব অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা হয়েছিল।

গ্রেপ্তার কামাল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে কামালের পরিবারের দাবি, তাঁরা কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নন। স্থানীয় একটি পক্ষ রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্র করে তাঁর বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে থানা-পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।