খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 16শে কার্তিক ১৪৩২ | ৩১ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
যশোরে এক ৯ বছর বয়সী শিশুকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রমজান কাজী (৬০) নামে এক বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে। একই সাথে নির্যাতিতা শিশুটিকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
আটক রমজান কাজী মৃত শাহাদৎ কাজীর ছেলে এবং সম্পর্কে তিনি ভুক্তভোগী শিশুটির আপন দাদা।
নির্যাতিতা শিশুটির মা জানান, তাঁর স্বামী রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন এবং তাঁরা নড়াইল শহরে থাকেন। অক্টোবর মাসের প্রথম দিকে তাঁর শ্বশুর রমজান কাজী নড়াইলে তাঁদের কাছে বেড়াতে আসেন। ফিরে যাওয়ার সময় তিনি তাঁর নাতনিকে নিজের সঙ্গে করে নিয়ে যান। প্রায় পনেরো দিন পর, ৩০ অক্টোবর সকালে তিনি মেয়েকে ফিরিয়ে আনতে যশোরে যান।
শিশুটির মা আরও বলেন, সে সময় তাঁর মেয়ে জানায় যে দুই দিন আগে তার দাদা তাকে খেলনা কিনে দেওয়ার কথা বলে ধর্ষণ করেছে। মেয়েটি তাকে সঙ্গে নিয়ে ওই বাড়ি থেকে যেতে অনুরোধ করে। এরপর তিনি মেয়েকে নিয়ে নড়াইলে ফিরে যান এবং স্বামীকে ঘটনাটি জানান। পরে রাত ১০টার দিকে বাঘারপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই রাতে অভিযান চালিয়ে রমজান কাজীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টার দিকে নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খবরওয়ালা/টিএসএন