অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
হঠাৎ এমন দৃশ্য দেখলে জল্পনা ছড়ানো স্বাভাবিক। বলিউডে পর্দার বাইরেও নানা ঘটনার জন্য আলোচনায় থাকা অভিনেত্রী মহিমা চৌধুরীকে সম্প্রতি দেখা গেছে কনের সাজে। পরনে লাল টুকটুকে বেনারসি, সিঁথিতে সিঁদুর, আর পাশে শেরওয়ানিতে ষাটোর্ধ্ব অভিনেতা সঞ্জয় মিশ্র।
এক যুগ আগে দাম্পত্য জীবনের ইতি টানা এই অভিনেত্রী কি তবে ৫২ বছর বয়সে এসে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন? পাপারাজ্জিদের সামনে নবদম্পতির মতো হাজির হয়ে মহিমা হাসিমুখে বলেন, ‘আপনারা বিয়েতে তো আসতে পারলেন না, তাই এখন মিষ্টিমুখ করুন!’—এর পরই কৌতূহল আরও বেড়ে যায়।
তবে এই ভাইরাল ভিডিও আর মিষ্টি বিতরণের নেপথ্যে আসলে অন্য গল্প। সত্যিই কি ব্যক্তিগত জীবনের কোনো গোপন খবর লুকিয়ে আছে, নাকি এটি শুধু বলিউডি প্রচারণা কৌশল? অবশেষে রহস্যের পর্দা উঠেছে।
আসলে মহিমা ও সঞ্জয় মিশ্র ‘দুর্লভ প্রাসাদ কি দুসরি শাদি’ নামের এক সিনেমায় জুটি বেঁধেছেন। আর সেই সিনেমার প্রচারণার অংশ হিসেবেই এই ‘বিয়ের দৃশ্য’ সাজানো হয়েছিল। সিদ্ধান্ত রাজ পরিচালিত এই ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতির পর বলিউডে কামব্যাক করেছেন মহিমা চৌধুরী।
ছবিতে মহিমাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়। আর প্রত্যাবর্তনে দর্শকদের চমকে দিতে কনে সাজে সঞ্জয়ের সঙ্গে উপস্থিত হয়েই রীতিমতো শোরগোল ফেলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।