প্রথমবারের মতো সমকামী প্রধানমন্ত্রী পাচ্ছে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে মধ্যপন্থী ইউরোপপন্থী দল ডেমোক্র্যাটস ৬৬ (ডি৬৬) বিজয় অর্জন করেছে।

শুক্রবার দেশটির জাতীয় সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, সব ভোট গণনা শেষে দলটির জয় নিশ্চিত হয়েছে। ফলে ৩৮ বছর বয়সী রব জেটেন দেশটির ইতিহাসে সবচেয়ে তরুণ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।

এএনপির বিশ্লেষণে বলা হয়েছে, ডি৬৬ এখন আর গির্ট উইল্ডার্সের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী ফ্রিডম পার্টি (পিভিভি) দ্বারা পেছনে পড়বে না। দেশজুড়ে সব পৌরসভা থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই এই ঘোষণা দেওয়া হয়।

ফলাফল ঘোষণার পর জেটেন বলেন, ‘দেশের ভোটাররা পরিষ্কারভাবে জানিয়েছেন, এখন ঐক্য ও সহযোগিতা প্রয়োজন। আমরা এমন একটি সংখ্যাগরিষ্ঠ জোট গঠন করতে চাই, যারা বাসস্থান, অভিবাসন, জলবায়ু ও অর্থনীতি—এই চার ইস্যুতে কাজ করবে।’

তবে পরাজয় স্বীকার করেননি গির্ট উইল্ডার্স। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেটেনকে ‘অহংকারী’ আখ্যা দিয়ে বলেন, ‘চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই প্রধানমন্ত্রী হওয়ার দাবি করা অন্যায়।’ দেশটির নির্বাচনী পরিষদ আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে।

এএনপির তথ্য অনুযায়ী, প্রায় ১৮ শতাংশ ভোট পেয়ে ডি৬৬ এখন সরকারের নেতৃত্ব গঠনের প্রথম পর্যায়ের আলোচনায় থাকবে। তবে ১৫০ সদস্যবিশিষ্ট নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটির অন্তত তিনটি জোটসঙ্গী প্রয়োজন হবে। নেদারল্যান্ডসে সরকার গঠনের প্রক্রিয়া সাধারণত কয়েক মাস ধরে চলে।

উইল্ডার্স দাবি করেছেন, সারা দেশ থেকে তাঁকে ‘ভোট কারচুপির’ অভিযোগ পাঠানো হচ্ছে। যদিও তিনি নিজেই বলেছেন, এসব বার্তার সত্যতা তিনি নিশ্চিত নন, তবে বিষয়গুলো তদন্ত করা উচিত।

তবে এসব অভিযোগ তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আমস্টারডামের উপকণ্ঠের শহর জানস্টাড পৌরসভা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভোট গ্রহণ সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে, অভিযোগগুলো ভিত্তিহীন।’

এই নির্বাচনে ডি৬৬ ইতিবাচক প্রচারণার মাধ্যমে নিজেদের আসনসংখ্যা প্রায় তিনগুণ বাড়িয়েছে, অন্যদিকে ২০২৩ সালের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিজয়ী পিভিভির জনপ্রিয়তা এবার বড় ধরনের ধাক্কা খেয়েছে।

ভোট গণনার পুরো প্রক্রিয়াই ছিল উত্তেজনাপূর্ণ—প্রাথমিক ফলাফলে ডি৬৬ এগিয়ে থাকলেও শেষ দিকে পিভিভি সাময়িকভাবে এগিয়ে যায়। তবে শেষ পর্যন্ত এএনপি নিশ্চিত করে, সামান্য ব্যবধানেও বিজয় ডি৬৬-এর পক্ষেই গেছে।

বিদেশে বসবাসরত ডাচ নাগরিকদের ডাকযোগে পাঠানো ভোট গণনা শেষে আগামী সোমবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর মঙ্গলবার থেকে সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে বিজয়ী দলটি।

খবরওয়ালা/আশ

Tags :

নিউজ ডেস্ক, খবরওয়ালা বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর