বন্ধুর বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া নামের এক তরুণী ছিটকে পড়ে গুরুতর আঘাত পান এবং পরবর্তীতে মৃত্যু বরণ করেন।

দুর্ঘটনা ঘটে সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে সুমাইয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে। মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।