খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক যুবক নিহত হয়েছেন এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার পূর্ব বায়েজিদের হামজারবাগ (চালিতাতলি) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম সারোয়ার বাবলা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি চালিতাতলি এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবদল নেতা হিসেবে পরিচিত ছিলেন। তবে চট্টগ্রাম মহানগর যুবদল এক বিবৃতিতে জানিয়েছে, সারোয়ার বাবলা তাদের সংগঠনের কেউ নন।
আহতদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ এবং যুবদল নেতা শান্ত। গুলিবিদ্ধ দুজনকেই দ্রুত উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একজন নিহতের খবর নিশ্চিত করা গেছে। কারা বা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে, পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
স্থানীয়দের দাবি, হামলাটি ছিল পরিকল্পিত, তবে কারা এর পেছনে জড়িত তা নিয়ে এখনও ধোঁয়াশা বিরাজ করছে। ঘটনাটির পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।