খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
ফেনীর পরশুরামে কাজী রবিউল হোসেন জিহাদ নামে এক যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাচালানের পণ্য উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবদল নেতা জিহাদ পালিয়ে যান।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত জিহাদ উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের কাজী জামাল উদ্দিনের ছেলে এবং তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে জিহাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গোয়ালঘর থেকে বস্তা ভর্তি ভারতীয় থ্রি-পিসসহ চোরাচালানের বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিহাদ বাড়ি থেকে পালিয়ে যান।
পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল বলেন, “যদি আমাদের কেউ চোরাচালানের সঙ্গে জড়িত থাকে, তবে তদন্ত শেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাচালান আনার কারণে জিহাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।