খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫
একসময়ের উজ্জ্বল মাঠের নক্ষত্র ড্যারেন শার্পারের জীবন আজকাল এক ভয়াবহ কাহিনীর অংশ হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সালের দণ্ডাদেশের আগে তিনি টানা ১৪ বছর এনএফএলে (আমেরিকান ফুটবল লিগ) খেলেছেন। এই সময় তিনি গ্রিন বে প্যাকার্স, মিনেসোটা ভাইকিংস এবং নিউ অরলিন্স সেইন্টসের হয়ে মাঠে ঝলমলে পারফরম্যান্স দেখিয়েছেন। ২০১০ সালের ৭ ফেব্রুয়ারি তিনি সেইন্টসের হয়ে সুপার বোল এক্সএলআইভিতে জয়ের স্বাদ নিয়েছিলেন। ২০১১ সালে পেশাদার ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পরও তিনি খেলোয়াড়ি জীবনের জন্য সমাদৃত ছিলেন।
তবে তার ক্যারিয়ার গৌরবময় হলেও পরবর্তী জীবন ভয়ঙ্কর অপরাধে লিপ্ত। যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্য—লুইজিয়ানা, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নেভাদায়—মোট ১৬ জন নারীর উপর যৌন নির্যাতনের অভিযোগে শার্পারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তদন্তে উঠে এসেছে যে, শার্পার ভুক্তভোগী নারীদের পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ ও অ্যান্টি–অ্যাংজাইটি ড্রাগ মিশিয়ে তাদের অচেতন করতেন। তার সহযোগীরা ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা ব্র্যান্ডন লিচিয়ার্ডি এবং সাবেক রেস্তোঁরার কর্মী এরিক নুনেজ। তারা উভয়েই অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
শার্পারের অভিযোগ স্বীকার করার পরও আদালত কেবল ৯ বছরের সাজার প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০ বছরের কঠোর শাস্তি দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন এবং ২০৩৪ সাল পর্যন্ত সাজা ভোগ করার কথা রয়েছে। একসময়ের তারকা, এখন কুখ্যাত অপরাধীর জীবন যেন নৈতিক ও সামাজিক দু’পাশেই শাস্তির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।