খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫
যুদ্ধোত্তর পাশ্চাত্য কবিতার ইতিহাসে এক উজ্জ্বল, অবিস্মরণীয় নাম ডিলান টমাস। ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ এই কবি যুক্তরাষ্ট্রেও পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা। তাঁর কাব্যের খ্যাতি যখন সাগর পেরিয়ে আমেরিকায় পৌঁছায়, তখন তিনি সেখানেই স্থায়ী হন—জীবনের শেষ দিনগুলোও কাটান সেই দেশে।
জন্ম ১৯১৪ সালের ৯ নভেম্বর, ইংল্যান্ডের ওয়েলসের সোয়ানসি উপকূলে। প্রকৃতির রূপবৈচিত্র্য, ঋতুর পালাবদল এবং সমুদ্রের অবিরাম স্রোত—সবই ছিল তাঁর কবিতার অবিচ্ছেদ্য অনুষঙ্গ।
তবে কেবল রোমান্টিকতার সীমানায় আবদ্ধ ছিলেন না তিনি। মাত্র ২০ বছর বয়সে, ১৯৩৪ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘Eighteen Poems’ (১৮টি কবিতা) তাঁকে এনে দেয় অসামান্য খ্যাতি এবং আধুনিক কাব্যধারায় নতুন দিগন্তের সূচনা।
কবিতার পাশাপাশি ডিলান টমাস চলচ্চিত্র, বেতার ও চিত্রনাট্য রচনার সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর চলচ্চিত্র ও বেতার অভিজ্ঞতা কবিতায় এনেছে নাটকীয়তা, গতি এবং চিত্রধর্মী বর্ণনার এক অনন্য সুর।
তাঁর কাব্যে মিশে আছে ব্যক্তিজীবনের স্মৃতি, শৈশবের শহর, ভ্রমণের অভিজ্ঞতা, প্রেম, প্রকৃতি, রহস্য, নারী, মনস্তত্ত্ব, পরাবাস্তবতা, মৃত্যুচিন্তা এবং গভীর মানবিকতা। যুদ্ধ তাঁকে সবসময় ব্যথিত করেছিল—তাই তিনি লিখেছেন একাধিক যুদ্ধবিরোধী কবিতা, যা মানবতার পক্ষে তাঁর অবস্থানকে সুস্পষ্ট করে তোলে।
ভাষার সংগীতধর্মিতা, প্রতীকের অনুষঙ্গ, বাক্যনির্মাণের সূক্ষ্মতা এবং চিত্রকল্পের ব্যঞ্জনা তাঁর কবিতাকে করে তুলেছে বহুমাত্রিক ও সময়াতীত। সনেট, মুক্তছন্দ, গদ্যকবিতা—সব ধারাতেই তিনি রেখে গেছেন সৃষ্টিশীলতার অনন্য দাগ।
উল্লেখযোগ্য রচনা সমুহ:
Death and Entry Lyric
Under Milk Wood
Poet’s Essay on Poetry
Portrait of the Artist as a Young Dog
জীবনের প্রায় পুরো সময়টাই তিনি কাটিয়েছেন আর্থিক অনটনের মধ্যে। নাটকের চিত্রনাট্য লেখা, বিবিসিতে কাজ, অনুষ্ঠান উপস্থাপনা—এসবের মাধ্যমেই জীবিকার পথ খুঁজেছেন তিনি।
১৯৫৩ সালের ৯ নভেম্বর, যুক্তরাষ্ট্রে মাত্র ৩৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি ডিলান টমাস।
তবু তাঁর কণ্ঠ আজও বাজে কবিতার পঙ্ক্তিতে—
“Do not go gentle into that good night…”
—যেন অনন্তের কাছে এক কবির অমর আহ্বান।