খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫
কয়েক দিন ধরে দেশের উত্তরাঞ্চলে বইছে হিমেল হাওয়া, বেড়েছে শীতের অনুভূতি। বিকেল নামলেই বাতাসে ছড়িয়ে পড়ছে ঠাণ্ডার স্পর্শ, যেন শীত দুয়ারে কড়া নাড়ছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সামনে তাপমাত্রা আরও কমতে পারে। ইতোমধ্যে রাজশাহীতে তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েক দিনের মধ্যে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।
এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানিয়েছে, আজ রবিবার রাত থেকে ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও আশপাশের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
এ ছাড়া একই সময়ে দেশের অধিকাংশ অঞ্চলে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, ফলে দিনে শীত তেমনভাবে অনুভূত হবে না।
এদিকে, আবহাওয়া দপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসেও আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা জানানো হয়েছে।
খবরওয়ালা/এসজে