সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসকের ব্যাগ চুরি, গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিস রুম থেকে ব্যাগ চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা সাংবাদিক পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড দেখিয়ে হাসপাতালে ঢুকে এই চুরির ঘটনা ঘটিয়েছেন, জানিয়েছেন ভুক্তভোগী চিকিৎসক।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, মো. হারুন অর রশিদ, মো. বজলুর রহমান, মো. নাহিদুর রহমান এবং মো. সাইফুল ইসলাম।

অভিযুক্তদের মধ্যে মৌসুমী দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট, রশিদ রাজধানী টিভির স্টাফ রিপোর্টার, বজলুর দৈনিক বিজনেস ফাইলের প্রতিনিধি, নাহিদুর রহমান দ্য ডেইলি গ্লোবাল ন্যাশন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং সাইফুল ডেইলি গ্লোবাল ন্যাশন পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি পরিচয় দিয়ে হাসপাতলে প্রবেশ করেন, জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে এই পাঁচজনসহ মোট নয়জন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তত্ত্বাবধায়কের অফিস রুমে প্রবেশ করেন এবং কিছু সময় কথা বলেন। অফিস থেকে বের হওয়ার সময় তাদের মধ্যে একজন কৌশলে তত্ত্বাবধায়কের ব্যাগটি নিয়ে চলে যান। ব্যাগটি হারিয়ে যাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায়, নাহিদুর রহমান শামীম ব্যাগটি কাঁধে নিয়ে অফিস ত্যাগ করছেন।

ডা. বাহাউদ্দিন জানান, তারা প্রথমে ভিজিটিং কার্ড দিয়ে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। ব্যাগটি হারানোর পর তাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে তারা প্রথমে আশ্বাস দেন, পরে দাবি করেন ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে আছে এবং লোক পাঠিয়ে নিয়ে আসা যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে ব্যাগের কোনো খোঁজ মেলেনি। চুরি হওয়া ব্যাগে আনুমানিক ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি এবং মূল্যবান কাগজপত্র ছিল।

ব্যাগ চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ থানার ওসি কামাল উদ্দিন বলেন, “এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।