খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫
ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহারে আরও উন্নতি আনার জন্য ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। এ পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফেসবুকের লাইক বাটন নিয়ে।
মেটা ঘোষণা করেছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ফেসবুকের লাইক ও কমেন্ট বাটন বাইরের ওয়েবসাইটগুলিতে আর কার্যকরী থাকবে না। অর্থাৎ, ব্লগ, নিউজ সাইট, ই-কমার্স সাইট বা অন্যান্য ওয়েবপেজে যেসব ফেসবুক ‘লাইক’ বা ‘কমেন্ট’ প্লাগইন ব্যবহার করা হতো, সেগুলো আর সক্রিয় থাকবে না।
তবে ব্যবহারকারীদের জন্য একটি সুখবর রয়েছে, ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে লাইক বাটন থাকবে, এবং ব্যবহারকারীরা আগের মতোই পোস্ট, ছবি, রিল বা ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে পারবেন।
বাইরের লাইক বাটনগুলো কেন সরানো হচ্ছে—এ সম্পর্কে মেটা জানিয়েছে, এটি তাদের ডেভেলপার টুলগুলোকে আধুনিক এবং সহজ করার উদ্যোগের অংশ। প্রায় এক দশক আগে তৈরি এই প্লাগইনগুলো মূলত ওয়েবসাইটে ফেসবুকের উপস্থিতি বাড়াতে সাহায্য করত, তবে সময়ের সঙ্গে এর ব্যবহার কমে গেছে। গোপনীয়তা আইন, ডেটা শেয়ারিং নীতি এবং নতুন সামাজিক মাধ্যমগুলোর উত্থান এই পরিবর্তনের পেছনে মূল কারণ। মেটার মতে, পুরোনো এবং অপ্রয়োজনীয় টুলগুলো বজায় রাখার কোনও বাস্তব মূল্য এখন আর নেই।
প্রসঙ্গত, ২০০৯ সালে যাত্রা শুরু করা ফেসবুকের লাইক বাটন শুধুমাত্র প্রযুক্তির অংশ ছিল না, এটি হয়ে উঠেছিল একটি সাংস্কৃতিক আইকন। অনলাইনে মানুষের আচরণ, কনটেন্টের জনপ্রিয়তা এবং ব্র্যান্ডের প্রচারে লাইক ছিল এক গুরুত্বপূর্ণ মাপকাঠি। কিন্তু ২০২৫ সালের ইন্টারনেট পরিবেশ অনেকটাই আলাদা—ব্যবহারকারীরা একাধিক অ্যাপে সময় কাটাচ্ছেন, অ্যালগরিদম হয়ে উঠেছে বহুমাত্রিক, এবং গোপনীয়তা এখন প্রযুক্তির অন্যতম প্রধান বিষয়। এই পরিবর্তিত বাস্তবতায় ফেসবুকের ওয়েবভিত্তিক প্রভাব অনেকটাই কমে এসেছে। তাই মেটা এখন এমন টুলে মনোযোগ দিতে চায়, যা ভবিষ্যতে আরও মূল্য যোগ করবে, পুরনো উত্তরাধিকার নয়।