খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়ানো যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার রামপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রনি-রানা পরিবহনের একটি বাস মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়ানো ছিল। রাতে হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে বাসটির সামনের অংশ পুড়ে যায়।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। এটি নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি কেন সেখানে দাঁড়ানো ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে ফেনীতে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার রাত ১০টার দিকে ফেনীর সদর উপজেলার ফতেপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় তাঁরা কাঠে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন, তবে ১০ মিনিটের মধ্যেই স্থান ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কর্মসূচিতে ১৫ থেকে ২০ জন মুখে মাস্ক পরে অংশ নেন। তাঁরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও ক্ষমতাচ্যুত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে নিয়ে স্লোগান দেন এবং কিছুক্ষণ পর স্থান ত্যাগ করেন। তবে এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সামসুজ্জামান।
অন্যদিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কেও টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেন কয়েকজন। রাত ১০টার দিকে উপজেলার চিথলিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অজ্ঞাতপরিচয় কয়েক যুবক রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
খবরওয়ালা/টিএসএন