খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগে দুই মন্ত্রীকে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া মন্ত্রীরা হলেন আইনমন্ত্রী হারম্যান হালুশোঙ্কো ও জ্বালানিমন্ত্রী ভিতলানা গ্রিনচুক। অভিযোগ ওঠেছে, তারা অন্তত ১০ কোটি ডলার মূল্যের ঘুষ চক্রের সঙ্গে জড়িত ছিলেন।
দুর্নীতি চক্রের মূল সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন জেলেনস্কির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক ব্যবসায়িক অংশীদার তিমুর মিনদিচ, যার বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি জেলেনস্কি গণমাধ্যমে বলেন, “জ্বালানি খাতের সব কাজের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের প্রতিটি তদন্তকে আমরা সমর্থন করি।”
তিনি আরও উল্লেখ করেন যে বিদ্যুৎ বিভ্রাট, রাশিয়ার হামলা এবং দেশজুড়ে ক্ষয়ক্ষতির মধ্যে এই ধরনের দুর্নীতির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ জেলেনস্কির জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে, কারণ তিনি নিজের ঘনিষ্ঠজনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদেরও দায়বদ্ধতার আওতায় এনেছেন।
ঘটনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করে যে প্রেসিডেন্ট জেলেনস্কি দুর্নীতিবিরোধী নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে সচেষ্ট, এমনকি এটি তাঁর ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক ইমেজের উপর প্রভাব ফেললেও। তদন্ত চলাকালীন, মিনদিচের কিয়েভে ফ্ল্যাটে তল্লাশি চালানোর আগে তিনি ইসরায়েলে পালিয়েছেন। বরখাস্ত হওয়া দুই মন্ত্রী কোনও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।