খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
পাবনার শালগাড়িয়া সরদারপাড়া মহল্লার একটি বাগান থেকে ৯ বছরের এক শিক্ষার্থীর (শিশু) লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি তার নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়েছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার রাত ১০:৩০ টার দিকে লাশটি উদ্ধার করে।
শিশুটির কানে সোনার দুল ছিল, এবং পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে কানের দুল ছিনতাই করার জন্য। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত শিশুটি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। কিছুদিন আগে সে তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে।
স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে শিশুটি খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। তাকে না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে নানাবাড়ির পাশে একটি বাগানে শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, ওই বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারিদের আড্ডাস্থল হয়ে উঠেছিল। তাদের ধারণা, এই ধরনের কোনো ব্যক্তি শিশুটিকে হত্যা করে থাকতে পারে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, “শিশুটির কানে সোনার দুল ছিল। লাশ উদ্ধারের সময় সেগুলো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানের দুল ছিনতাই করতে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আজ রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।”