খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িত অন্যতম সদস্য আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানাপুলিশ। রোববার (১৬ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জাফলং জিরো পয়েন্টে অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করে। অভিযানের সময় মাদক সেবনের দায়ে আরও দুই জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে জাফলং জিরো পয়েন্টে সংঘটিত পাথর লুটপাটের ঘটনায় আনোয়ার হোসেনের সংশ্লিষ্টতা সংক্রান্ত তথ্য পেয়ে পুলিশ দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার কয়েক সহযোগীকে নিয়ে জিরো পয়েন্টের একটি রুমে মাদক সেবন করছিল। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘জাফলংয়ের পাথর লুটের ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্যও পুলিশি অভিযান অব্যাহত আছে।’
প্রসঙ্গত, চলতি বছরের ৭, ৮ ও ৯ আগস্ট জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট সাদা পাথর লুট করা হয়। এই ঘটনায় ১৮ আগস্ট গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
এর আগে ১৯ আগস্ট গোয়াইনঘাট থানাপুলিশ লুটের মামলায় অভিযুক্ত আফজল হোসেন ও জাবেদ আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
খবরওয়ালা/এসএস