খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
মানুষ, পুলিশ সদস্য এবং যানবাহনে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপকারীদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ রবিবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, যাঁরা মানুষ ও পুলিশ সদস্যদের ওপর ককটেল ছোড়েন এবং যানবাহনে অগ্নিসংযোগ করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগভাবেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার বেতার বার্তায় কর্মকর্তাদের একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন। বিষয়টি প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। আজ বিকেলে ডিএমপি কমিশনারও বেতার বার্তায় একই নির্দেশনা দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা বা অগ্নিসংযোগ করতে এলে প্রতিহত করতে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হবে আগামীকাল সোমবার। এ রায়কে কেন্দ্র করে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচিকে ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে।
খবরওয়ালা/এসএস