আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণায় সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগতে পারে বলে বিবিসিকে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় পাঠ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ রায় পাঠ শুরু করেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও কামাল পলাতক আছেন। গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন, যিনি এই মামলার রাজসাক্ষী।
এদিকে শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বহুপদক্ষেপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে আছেন। নিরাপত্তার কারণে রবিবার সন্ধ্যার পর দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং জনসাধারণের চলাচলও সীমিত করা হয়েছে।
খবরওয়ালা/টিএসএন



