খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই আসামির বিরুদ্ধে জুলাইয়ের অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার রায় ঘোষণার দিনে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আবারও দুটি বুলডোজারের উপস্থিতি দেখা গেছে।
সোমবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার নেওয়া হলে ট্রাকের ওপর থাকা কয়েকজন তরুণ হাতে মাইক ধরে স্লোগান দিচ্ছিলেন। তারা জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই বুলডোজার আনা হয়েছে।
এ ঘটনার পর অভিনেত্রী মেহের আফরোজ শাওন ওই দলকে ‘রাজাকার বাহিনী’ বলে মন্তব্য করেন। একটি সংবাদ শেয়ার করে তিনি লিখেছেন, ‘মনের ভয়ই আসল ভয়। বারবার ভাঙা, আগুন দেওয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২–এর এই ভাঙা বাড়ির ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কীভাবে অস্বীকার করবে, রাজাকার বাহিনী!’
গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে যাওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
পরে, গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির সময় বাড়িটি ভাঙা হয়। প্রায় তিন হাজার মানুষ সেখানে জড়ো হন। রাত পৌনে ১১টার দিকে ক্রেন ও এক্সক্যাভেটর দিয়ে ভাঙার কাজ শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তিনতলা বাড়ির একটি অংশ ধ্বংস করা হয়। বিরতির পর আরও একটি এক্সক্যাভেটর যোগ দেয়।
মধ্যরাতে সেনাবাহিনী কিছু সময় সেখানে অবস্থান করলেও স্থানীয় জনগণ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে এবং পরে তারা সরে যায়। রাতের বেলায় সেখানে গান, বাজনা ও নাচের দৃশ্যও দেখা যায়। পুরো ভাঙা বাড়িটি এখন নিরাপত্তার মধ্যে সংরক্ষিত আছে।
খবরওয়ালা/টিএসএন