প্রেমের টানে চীন থেকে ভোলায় যুবক

ভোলার ফেরদৌসী আক্তার (২০) নামে এক তরুণীর প্রেমে পড়ে সুদূর চীন থেকে ভোলায় ছুটে এসেছেন লুজাও (৩০) নামে এক চীনা যুবক। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধের ভেতরে জিন্নাহ ডাক্তারের পাশের একটি বাড়িতে পৌঁছান লুজাও।

ফেরদৌসী আক্তার একই গ্রামের বাসিন্দা মসজিদের মোয়াজ্জেম মো. আমানুল্লা ও মরিয়ম বিবি দম্পতির মেয়ে। তিনি ছয় সন্তানের মধ্যে পঞ্চম। অন্যদিকে লুজাও চীনের চেংদু প্রদেশের বাসিন্দা রোশন লুন ও হুয়াং কিয়াং জিয়ান দম্পতির বড় ছেলে এবং চার ভাইবোনের মধ্যে জ্যেষ্ঠ। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে ‘ওয়ার্ল্ড টক’ নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপসের মাধ্যমে ফেরদৌসী ও লুজাওয়ের পরিচয় হয়। পরিচয় থেকে ধীরে ধীরে বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমকে পরিণয়ে রূপ দিতে রবিবার বেলা ১১টার দিকে চীনের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন লুজাও। সেখান থেকে ফেরদৌসী ও তাঁর পরিবারের সদস্যরা তাকে রিসিভ করে সোমবার ভোরে ভোলার গ্রামে নিয়ে আসেন।

এ বিষয়ে ফেরদৌসী আক্তার বলেন, এক বছর আগে ওয়ার্ল্ড টক অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয় এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তিনি আমাকে বিয়ে করার জন্য ভোলায় এসেছেন। তিনি মুসলিম ধর্ম গ্রহণ করে আমাকে বিয়ে করে চীনে নিয়ে যেতে চান। শুরুতে কিছুটা দ্বিধায় থাকলেও এখন আর কোনো শঙ্কা নেই।

ফেরদৌসীর মা মরিয়ম বিবি বলেন, মেয়ের সঙ্গে ছেলেটির পরিচয়ের কথা জানার পর আমরা বিষয়টি দেখি। গতকাল সে বাংলাদেশে এসেছে। বিমানবন্দর থেকে আমরা তাকে রিসিভ করেছি। বিয়ের ব্যবস্থার প্রস্তুতি চলছে।

চীনা যুবক লুজাও বলেন, আমি আমার ভালোবাসার মানুষের কাছে এসেছি। তাকে বিয়ে করতে চাই। আমি খুবই আনন্দিত।

স্থানীয় বাসিন্দা মো. সিরাজুল ইসলাম ও মো. হাসান বলেন, এর আগে আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেনি। চীন থেকে একজন যুবক এসে গ্রামের মেয়েকে বিয়ে করতে এসেছে—এটি বেশ চাঞ্চল্যকর। আমরা তার ভাষা বুঝি না, আর তার সম্পর্কে তেমন কিছু জানিও না। আশপাশের মানুষ তাকে দেখতে ভিড় করছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন বলেন, তরুণ-তরুণী আমাদের কাছে এসে জানায় তারা বিয়ে করতে চায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।