মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আজ মঙ্গলবার এক নৈশভোজের আয়োজন করেছেন। এই নৈশভোজে অংশগ্রহণের জন্য টেসলা সিইও এবং ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক উপস্থিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজ এ তথ্য জানিয়েছে।
আজ যুক্তরাষ্ট্রে পৌঁছেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ। এই বৈঠকটি মূলত দু’দেশের মধ্যে জ্বালানি তেল ও নিরাপত্তা খাতে দীর্ঘদিনের সহযোগিতা আরও জোরদার করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
২০১৮ সালে ইস্তান্বুলে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটি যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
পাঞ্চবোল নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, ওই নৈশভোজে গলফ খেলোয়াড় টাইগার উডসও উপস্থিত থাকতে পারেন। তবে, ইলন মাস্ক নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে একসময় খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০২৪ সালের নির্বাচনী প্রচারে মাস্ক বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন এবং নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের ডিওজিই (সরকারি দক্ষতা বিভাগ) প্রধানের পদে নিয়োগ পান।
তবে, গত জুনে ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিল নিয়ে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। মাস্ক ডিওজিইর প্রধানের পদ থেকে পদত্যাগ করেন এবং উভয়ই সামাজিক মাধ্যমে একে অপরকে নিয়ে তির্যক মন্তব্য করেন।
তখন মাস্ক ট্রাম্পের কর ও ব্যয় বিলকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প সাংবাদিকদের জানান, “ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। জানি না সেটা আর থাকবে কি না।”
সূত্র: দ্য টাইমস
খবরওয়ালা /এসএস



