হবিগঞ্জের মাধবপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৬০ কেজি গাঁজা সহ ইব্রাহিম মিয়া টিটু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে র্যাব-৯, সিপিসি-৩-এর একটি অভিযানিক দল উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার ইব্রাহিম ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
সিলেট র্যাব ৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল জানিয়েছেন, ভোর ৪টা ২০ মিনিটে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে রসুলপুর গ্রামের একটি ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।
ভোর ৪টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে র্যাব ইব্রাহিমকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী সাতটি পাটের বস্তায় থাকা কালো পলিথিনে মোড়ানো মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকসহ ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্যা জানিয়েছেন, ‘মামলার পর আজ দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ইব্রাহিমকে কারাগারে পাঠানো হয়েছে।’
খবরওয়ালা /এসএস



