খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
দুই বছর আগে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় দর্শকদের মন জয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। এরপর দীর্ঘ সময় তাকে বড় পর্দায় দেখা না গেলেও, এবার অবশেষে বিরতি ভেঙে নতুন করে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা।
সম্প্রতি একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিম জানিয়েছেন, আগামী বছরেই নতুন কাজ নিয়ে সিনেমা হলে হাজির হবেন। তবে, তার কামব্যাকটি ২০২৬ সালে হতে চলেছে বলে নিশ্চিত করেছেন তিনি।
সূত্রের খবর, ইতোমধ্যে মিম একটি নতুন সিনেমা এবং একটি ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন করেছেন। তবে তিনি এখনই এসব প্রকল্পের বিস্তারিত জানাতে চান না, যতক্ষণ না আনুষ্ঠানিক ঘোষণা আসে। এছাড়াও, তার হাতে আরও বেশ কিছু সিনেমা ও সিরিজের কাজ রয়েছে, যা খুব শিগগিরই প্রকাশ পাবে।
মিম জানিয়েছেন, বিগত দুই বছরে অনেক প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন। তার লক্ষ্য ছিল শুধুমাত্র ভালো মানের কাজ করা। অবশেষে সে অপেক্ষার ফলাফল দেখা যাচ্ছে, এবং নতুন কাজগুলোর ঘোষণা খুব শিগগিরই আসবে বলে জানান এই অভিনেত্রী।
যদিও গত দুই বছরে মিমের কোনো কাজ মুক্তি পায়নি, তবে তিনি বিভিন্ন ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে নিয়মিত অংশগ্রহণ করেছেন। তার কামব্যাকের অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।