খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ই নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
বিখ্যাত লেখক, কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, দীর্ঘদিন ধরে মাজার ভাঙার বিরুদ্ধে সংগ্রাম চালানো হলেও সরকার তাদের প্রতিবাদে কোনো মনোযোগ দিচ্ছে না। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
ফরহাদ মজহার বলেন, বিখ্যাত পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে ভক্তদের ওপর হামলার প্রতিবাদে সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ’ প্রতিবাদ সমাবেশের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, যারা মহান আল্লাহ তায়ালা—কোরানুল করিমের নির্দেশ অনুযায়ী গায়েবে ঈমান এনেছেন, যারা নিঃশর্তভাবে নিজের নফস, লোভ, হিংসা বা অন্যের ক্ষতি থেকে মুক্ত, এবং আল্লাহ ও তাঁর রাসুলের নশিল ওহিকে জীবনের একমাত্র সম্বল হিসেবে গ্রহণ করেছেন, এই প্রতিবাদ ও সমাবেশ তাদের জন্য।
ফরহাদ মজহার আশা প্রকাশ করেন, সবাই এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং সরকারের কাছে স্মারকলিপি প্রদান করবেন। তিনি বলেন, যারা নিজের বুদ্ধি, বিবেক ও সামাজিকতার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যান—ধর্ম বা বিশ্বাস নির্বিশেষে এই সমাবেশ তাদের জন্যও প্রযোজ্য।
তিনি বলেন, এই সমাবেশ থেকে আগামী দিনের কার্যক্রম ও কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন ধরে মাজার ভাঙার বিরুদ্ধে সংগ্রাম চালানো হচ্ছে, বাংলাদেশে ভক্তি, আশেকানি ও সহৃদয়তার মাধ্যমে তর্ক-বিতর্ক মীমাংসার ওপর জোর দিয়ে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় লড়াই করা হচ্ছে। কিন্তু সরকার প্রতিবাদে উদাসীন। এভাবে চলতে দেওয়া যাবে না।
তিনি আরও লিখেছেন, মহারাজ আবুল সরকার জুলাই গণ-অভ্যুত্থানের পর মাজারকে গণপরিসর হিসেবে গড়ে তোলার একজন অগ্রণী সাধক। তাকে গ্রেপ্তার করা হলে, আইন-শৃঙ্খলা বাহিনীকে মামলা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তবু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মানিকগঞ্জে বাউলদের ওপর আঘাত এবং প্রাণের ভয়ে পুকুরে ঝাঁপ দিতে বাধ্য হওয়ায় আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তিতে ক্ষতি হয়েছে। এ ধরনের পরিস্থিতির জন্য সামাজিক বিরোধ আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসা না করে আইন প্রয়োগ ও দমন-পীড়নের পথ অবলম্বন দায়ী।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য