খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
অ্যাশেজের প্রথম টেস্টে যেন ঝড়ই তুলেছিল অস্ট্রেলিয়া। পার্থের বাউন্সি উইকেটে মিচেল স্টার্কের আগুনে স্পেল এবং ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরির ওপর ভর করে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে ৩৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। এমন একতরফা জয় পেলে সাধারণত পরের ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট নিশ্চিন্তেই থাকেন। তবে অস্ট্রেলিয়ার সামনে এখন দাঁড়িয়ে আছে চারটি বড় প্রশ্ন, যা ব্রিসবেনের দিন-রাতের দ্বিতীয় টেস্টের আগে তাদের অস্থির করে তুলেছে।
অস্ট্রেলিয়ার ওপেনিং লাইনে এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা উসমান খাজাকে ঘিরে। বাঁহাতি এই ওপেনার পিঠের চোটে ভুগছেন, এবং দ্বিতীয় টেস্টে তার খেলাই নিয়েই সংশয় তৈরি হয়েছে। শুধু ইনজুরি নয়—তার সাম্প্রতিক ফর্মও ভয়াবহ রকমের খারাপ।
শেষ পাঁচ টেস্টে তার গড় মাত্র ১৩.৮৮, যা একজন সিনিয়র ওপেনারের জন্য বিব্রতকর।
অন্যদিকে অভিষেকেই ব্যর্থ জেক ওয়েদারাল্ডকে একটি টেস্টের ভিত্তিতে বাদ দিতে চান না নির্বাচকরা। কিন্তু খাজা অনুপস্থিত হলে দলে বড় ফাঁক তৈরি হবে।
ট্রাভিস হেড দ্বিতীয় ইনিংসে জরুরি ওপেনার হিসেবে নেমে ৬৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে তাক লাগালেও মূলত তাকে মিডল অর্ডারে রাখতেই চান নির্বাচকরা। তবে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ইঙ্গিত দিয়েছেন—
“প্রয়োজনে আবারও হেডকে ওপেন করতে হতে পারে।”
অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে লাবুশেন, স্মিথ, গ্রিন এবং কিপার ক্যারি—এরা নিশ্চিত। কিন্তু ওপেনিংয়ে হেড গেলে ৫ নম্বর পজিশন খালি হবে। সেখানে জায়গা পেতে পারেন পেস বোলিং অলরাউন্ডার বাউ ওয়েবস্টার, যিনি ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন।
এছাড়া রিজার্ভ কিপার জশ ইংলিস ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ৯২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন করে আলোচনায়।
পিংক বলের টেস্ট মানেই স্টার্কের আধিপত্য। তবে অস্ট্রেলিয়ার পেস বিভাগ এখন ইনজুরিতে ভরা। প্যাট কামিন্স অনুশীলনে ফিরলেও তাকে খেলানো ঝুঁকিপূর্ণ। আবার কামিন্স ফিরলে বাদ পড়তে পারেন প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়া ব্রেন্ডন ডগেট।
স্কট বোল্যান্ডের পিংক বলে গড় ১৩-এর নিচে, অর্থাৎ তাকে বাদ দেওয়া প্রায় অসম্ভব। স্থানীয় মাইকেল নিসারও ব্রিসবেন কন্ডিশনে খুব কার্যকর।
জশ হ্যাজলউডও আংশিক ফিট, সম্ভবত তৃতীয় টেস্টে ফিরবেন।
অস্ট্রেলিয়ায় পেস-সহায়ক উইকেটে স্পিনারদের ভূমিকা কমে গেছে। পার্থে নাথান লায়ন মাত্র ২ ওভার বল করেন। দিবা-রাত্রির ব্রিসবেন টেস্টেও একাদশে স্পিনার রাখবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন।
তবে লায়ন এই ভেন্যুতে দারুণ সফল—
পিংক বলে তার মোট উইকেট ৪৩টি।
প্রয়োজনে পার্টটাইম স্পিন করতে পারবেন হেড ও ওয়েবস্টারও।
সব মিলিয়ে অস্ট্রেলিয়া অসাধারণভাবে জিতলেও দ্বিতীয় টেস্টের আগে তাদের দলে অনিশ্চয়তার ঝড় বইছে। চোট, ফর্ম, কন্ডিশন—সব মিলিয়ে গ্যাবায় নামার আগেই চাপ বাড়ছে অজিদের ওপর।
খবরওয়ালা/এসজে