খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ম্যুরালটিতে কালি নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরের মধ্যে সদর উপজেলার চিনাইর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এটি করেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র নিন্দা ও সমালোচনা চলছে।
২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মুগ্ধ। ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে তাঁর স্মরণে প্রতিকৃতি, স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল নির্মাণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর ডিগ্রি কলেজের সামনেও তাঁর একটি ম্যুরাল রয়েছে। ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্ত হলে সেখানে মুগ্ধর ছবি বসানো হয়।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রবিবার চিনাইর ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল এবং সেখানে উত্তেজনাও ছিল। সেই বিরোধের জেরে মুগ্ধর ম্যুরালে কালি দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে।
একই মন্তব্য করেন চিনাইর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলী আজম। তিনি গণমাধ্যমকে বলেন, ওই বিরোধকে কেন্দ্র করে একটি চক্র এই ন্যক্কারজনক কাজটি করে থাকতে পারে। এ চক্র শান্তিপূর্ণ চিনাইরকে অস্থির করার চেষ্টা করছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহ্বায়ক আজিজুর রহমান বলেন, ‘যারা দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে, তাঁদের একজনের স্মৃতিস্তম্ভে এভাবে কালিমা দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, আমি এ ঘটনার বিচার দাবি করছি।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/টিএসএন