কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কড়াইল বস্তির অগ্নিকাণ্ড নিয়ে তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদকে সভাপতি করে গঠিত এই কমিটির অন্যান্য সদস্য হলেন— ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, ঢাকা জোন-২–এর উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁওয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন এবং ঢাকা-২৩–এর ওয়ার হাউস ইনস্পেক্টর মো. সোহরাব হোসেন।
খবরওয়ালা /এসএস



