খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় বিজিবির একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, মোট ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফারির বিল এলাকায় অবস্থান নেয়। রাতে মায়ানমারের দিকে থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। টহলদল চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারে ফিরে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে, খাকি স্কচটেপে মোড়ানো নীল বায়ুরোধী প্যাকেট ৩৬ কেটে রাখা মোট ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল ও আশপাশ এলাকায় রাতভর চিরুনি অভিযান চালানো হলেও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের কেউ আটক করা যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
খবরওয়ালা/টিএসএন