খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 15শে অগ্রহায়ণ ১৪৩২ | ২৯ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং চার রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোংলার ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭)। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে করিম শরীফ বাহিনীর সদস্যরা মোংলার পশুর নদীর পাশের ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। ওই তথ্য অনুযায়ী শনিবার ভোর ৬টায় কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায় এবং অভিযান চলাকালে দুইজনকে আটক করা সম্ভব হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে সহযোগিতা করছে এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করছে। কোস্ট গার্ড জানায়, আটক দুইজনকে এবং উদ্ধার করা অস্ত্র ও গুলিকে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
খবরওয়ালা/টিএসএন