সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়া মারা গেছেন

ক্রীড়া সাংবাদিকতা ও মিডিয়ায় সুপরিচিত মুখ জহির ভূইয়া আজ এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচনের সময় উপস্থিত ছিলেন তিনি। বিকেলের পর হঠাৎ সেখানে নীরবতা বিরাজ করে। ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংবাদিক মহলে।

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৫২ বছর বয়সী সাংবাদিক জহির ভূইয়া গুরুতর আহত হন। তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকার স্পোর্টস রিপোর্টার ছিলেন।

রোববার বিকেল পৌনে ৫টায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জহির উদ্দিন ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর থানার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি খিলগাঁও থানার মধ্য বাসাবো এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন।

নিহতের ছেলে রাকিব ভূইয়া তামিম জানান, বিকেল পৌনে ৪টায় বাবা মোটরসাইকেল নিয়ে খিলগাঁও ফ্লাইওভার ব্যবহার করছিলেন। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। প্রথমে মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, খিলগাঁও ফ্লাইওভার থেকে আহত অবস্থায় এক সাংবাদিককে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

জহির ভূইয়া প্রায় দুই দশক ধরে ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি একসময় দৈনিক মানবজমিন পত্রিকায় কাজ করেছেন। মূলত ক্রিকেট রিপোর্টিংয়ে তার অবদান বেশি, তবে ফুটবলসহ অন্যান্য খেলার কাভারেজও করেছেন। তার আকস্মিক মৃত্যুতে ক্রীড়া অঙ্গন ও গণমাধ্যমে শোকের ছায়া নেমেছে।

 

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।