খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 18শে অগ্রহায়ণ ১৪৩২ | ২ই ডিসেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন গ্রিনহাউস এলাকায় একটি ঘরে অভিযান চালিয়ে বাংলা মদ তৈরির গোপন আস্তানার সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। এসময় বিপুল পরিমাণ বাংলা মদ ও বন্য প্রাণী শিকারের অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে দুই জনকে আটক করা হয়েছে।
সোমবার রাত সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন গ্রিনহাউস এলাকার ব্রিজের উত্তর পাশে একটি ঘরে অভিযান চালায়। নেতৃত্ব দেন প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন। অভিযানে প্রায় ৪০ লিটার বাংলা মদ জব্দ করা হয় এবং মদ প্রস্তুতকারী সুমন চাকমা ও তাঁর সঙ্গে থাকা এক নারীকে আটক করা হয়।
জানা গেছে, সুমন চাকমা প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরস্থ জমিতে বসবাস ও চাষাবাদ করতেন। একটি ছোট টিনঘরে বসেই তিনি দীর্ঘদিন ধরে মদ তৈরি করতেন। অভিযানকালে ঘরের পেছনের মদের কারখানা থেকে প্রায় ৩০ লিটার সদ্য প্রস্তুত গরম মদ, ৫ লিটার ডেক্সি, ডেলিভারির জন্য প্রস্তুত বোতলসহ মদ তৈরির বিভিন্ন উপকরণ ও মদ বিক্রির হিসাব সংবলিত নোটবুক জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, সুমন চাকমা কেবল মদ ব্যবসা নয়, তিনি বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বন্য শুকর, হরিণ, বন মোরগসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারও করতেন এবং গোপনে মাংস বিক্রি করতেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরাও নিয়মিত তার কাছ থেকে মদ কিনতেন। নিয়মিত ওই এলাকায় যাতায়াতকারী শিক্ষার্থীদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, বহিরাগতদের আনাগোনা ও কিছু শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি সন্দেহ সৃষ্টি করায় নজরদারি চালিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত সাড়ে বারোটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুমন চাকমা ও তাঁর সঙ্গে থাকা নারীকে আটক করা হয়। ওই নারী তার স্ত্রী নয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
অভিযানের সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী হত্যা ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে মদ ব্যবসা চালানোর ঘটনায় জমির লিজ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া অনুমতিহীনভাবে গাছ কাটার অভিযোগে লিজগ্রহীতা ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হবে।
খবরওয়ালা /এসএস