৩ ধরনের মোবাইল আমদানি বন্ধ, প্রবাসীদের জন্য নতুন সুবিধা ও আরও ৭ সিদ্ধান্ত

যেসব প্রবাসীর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ট্যাক্স ছাড়া মোট তিনটি মোবাইল ফোন দেশে আনতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশে ক্লোন, চুরি বা ছিনতাই হওয়া ফোন এবং রিফারবিশড মোবাইল আমদানি বন্ধ করা হবে।

গত ১ ডিসেম্বর সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আরও সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—
১. প্রবাসীরা ছুটি কাটাতে দেশে আসলে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এর বেশি থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
২. বিএমইটি কার্ডধারী প্রবাসীরা নিজের ব্যবহারের ফোন ছাড়াও অতিরিক্ত দুটি নতুন ফোন ফ্রিতে আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। এ জন্য ক্রয়কৃত ফোনের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের বিমানবন্দরে চোরাচালানিরা সাধারণ প্রবাসীদের ব্যবহার করে পাচারের চেষ্টা করে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়।
৩. বৈধ আমদানিকৃত মোবাইল ফোনের ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে। বর্তমানে শুল্ক প্রায় ৬১ শতাংশ, যা কমাতে সরকার কাজ শুরু করেছে।
৪. আমদানি শুল্ক কমলে দেশের ১৩-১৪টি মোবাইল কারখানায় উৎপাদিত ফোনের শুল্ক ও ভ্যাটও কমাতে হবে। এতে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যে এনবিআর ও বিটিআরসি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে।
৫. নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার ও সাইবার অপরাধ, অনলাইন স্ক্যামিং, জুয়া বা মোবাইল ব্যাংকিং অপরাধে সিম ব্যবহারের ঝুঁকি বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
৬. ১৬ ডিসেম্বরের আগে অবৈধভাবে আমদানিকৃত কিন্তু বৈধ আইএমইআইযুক্ত মোবাইলগুলোকে হ্রাসকৃত শুল্কে বৈধ করা হবে। ক্লোন ও রিফারবিশড ফোন এতে সুবিধা পাবে না।
৭. বর্তমানে ব্যবহৃত কোনো মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের আগে বন্ধ হবে না। সেদিন থেকে এনইআইআর চালু হবে, তাই আইএমইআইবিহীন হ্যান্ডসেট না কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

পুরনো ফোনের ডাম্পিং ও কেসিং বদলে ইলেকট্রনিক বর্জ্য আনার প্রবণতা বন্ধ করা হবে। বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে ভারত, থাইল্যান্ড, চীন থেকে আসা ফ্লাইট শনাক্ত করে কাস্টমস শিগগিরই অভিযান চালাবে।

প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫–এ মোবাইল সিমের ইকেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন ডেটা সুরক্ষার নিশ্চয়তা রাখা হয়েছে এবং লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনা হবে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।