খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
মাত্র দুদিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ কম্পন টের পেয়ে অনেকেই ঘুম থেকে জেগে উঠে আতঙ্কিত হয়ে পড়েন।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং ইউরোপিয়ান–মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদীর মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার, যা স্বল্প গভীরতার কারণে অনুভূতিতে তীব্রতা সৃষ্টি করে।
আবহাওয়া দপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর গণমাধ্যমকে জানান, উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকা। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, ওই ভূমিকম্পটির উৎপত্তি ছিল মিয়ানমারের মিনজিন এলাকায়, যার গভীরতা ছিল ১০৬ দশমিক ৮ কিলোমিটার এবং মাত্রা ছিল ৪ দশমিক ৯। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, সেটি ছিল ঢাকার উত্তর–পূর্বে প্রায় ৪৩১ কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি হালকা কম্পন।
এছাড়া ২ ডিসেম্বর সকালে বঙ্গোপসাগর অঞ্চলে আবারও ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
২১ নভেম্বরের সকাল থেকে যে তীব্র ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তার রেশ এখনও কাটেনি। সেদিন নরসিংদীতে হওয়া ৫ দশমিক ৭ মাত্রার কম্পন দেশব্যাপী প্রায় ১৪ কোটি মানুষ অনুভব করেন। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া যায়। রাজধানীর বহু ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি ভবন হেলে পড়ে। পরদিন ২২ নভেম্বর সকাল এবং সন্ধ্যায় স্বল্প ব্যবধানে আরও দুইবার কম্পন অনুভূত হয় রাজধানী ও আশপাশে।
ঘনঘন ভূমিকম্পের এই ধারাবাহিকতা শহরবাসীর মানসিক চাপে বাড়তি ভার যোগ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কম্পনের মাত্রা ছোট হলেও ঘনত্ব বাড়লে ঝুঁকি বাড়তে পারে। নিচের সারণিতে সাম্প্রতিক ভূমিকম্পগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।
| তারিখ | সময় | মাত্রা | উৎপত্তিস্থল | গভীরতা | মন্তব্য |
|---|---|---|---|---|---|
| ৪ ডিসেম্বর | ৬:১৪:৪৪ ভোর | ৪.১ | শিবপুর–টঙ্গী এলাকা | ৩০ কিমি | মৃদু কম্পন |
| ১ ডিসেম্বর | ১২:৫৫ রাত | ৪.৯ | মিনজিন, মিয়ানমার | ১০৬.৮ কিমি | ঢাকায় অনুভূত |
| ২ ডিসেম্বর | ৭:৫৬ সকাল | ৪.২ | বঙ্গোপসাগর | — | হালকা কম্পন |
| ২১ নভেম্বর | সকাল | ৫.৭ | নরসিংদী | — | ১৪ কোটি মানুষ অনুভব |
খবরওয়ালা /এজে