খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তি বিজয়ের মাস উদ্যাপনে প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলেছে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখার নেতারা জানান, এ বছর ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও স্মৃতিচারণা কার্যক্রম অনুপস্থিত।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, সাধারণত বিজয়ের মাসে বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ সম্পর্কিত নানা আয়োজন, আলোচনা ও আলোকসজ্জার মাধ্যমে স্মরণ করে। কিন্তু চলতি বছর সেই চিত্র নেই। তিনি অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ডাকসু প্রতিনিধিদের অনাগ্রহ শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে বাধা সৃষ্টি করছে।
তিনি উল্লেখ করেন, ২১ ও ২২ নভেম্বরের ভূমিকম্পের পর প্রশাসন হঠাৎ করে হল খালি ও ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা মাত্র এক দিনের নোটিশে হল ত্যাগ করতে বাধ্য হন, যা সমালোচিত হয়েছে। যদিও ছুটি ২৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, তবে হলগুলোর অবস্থার, কারিগরি নিরীক্ষা এবং সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
তাহমিদ আল মুদ্দাসসির আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে। ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিনিধির বক্তব্যে শহীদ ও নির্যাতিত বীরাঙ্গনাদের সংখ্যা ‘সহস্র’ উল্লেখ করা হয়েছে, যা আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনের বিপরীত। এই ধরনের মন্তব্য ইতিহাস বিকৃতির শামিল।
তিনি সতর্ক করেছেন, প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের উদাসীনতা বিশ্ববিদ্যালয়ে বিজয় উদ্যাপন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। পরিকল্পনাহীন ছুটি সেশনজট বাড়াবে এবং শিক্ষার্থীদের ওপর পরীক্ষার সিদ্ধান্ত ছেড়ে দেওয়া অযৌক্তিক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
খবরওয়ালা /এজে