খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
লাইফ সাপোর্টে থাকা জনপ্রিয় অভিনেতা তিনু করিমের শারীরিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বুধবার রাত থেকে তার রক্তচাপ নেমে গেছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা জানিয়েছেন, সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
হুমায়রা নওশিন জানান, সকালে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তারা কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেননি। শুধু বলেছেন, তার স্বামীর অবস্থার উন্নতি হয়নি; বরং আরও অবনতি হয়েছে। তিনি বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় তাদের হাতে নেই।
তিনু করিমকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্ত্রী। তবে তা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।
গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয় এবং পরে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দুই দিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু বুধবার রক্তচাপ ও সুগার লেভেল কমে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে পুনরায় আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
দেশের মানুষের কাছে দোয়া চেয়ে নওশিন বলেন, সবাই যেন তার সন্তানের বাবার জন্য প্রার্থনা করেন, যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। তিনু করিমের ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে তিনু করিম ছোট পর্দায় অভিনয় জীবন শুরু করেন। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। অভিনয় করেছেন ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।
খবরওয়ালা /এসএস