খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই ডিসেম্বর ২০২৫, ৫:২৯ এএম
বগুড়ার সোনাতলায় ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে মহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের মতে, তিনি ঝাড়ফুঁকের মাধ্যমে সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে মানুষের বিশ্বাস অর্জন করতেন। পরে খাবারে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মোমিনুর রহমানের দায়ের করা মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে তাবিজ, সুরমাদানি, লাল কাপড়, আতর, কালো সুতা ও কথিত হাড়সহ প্রতারণার নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ম মামলার বিবরণে জানা যায়, মহাস্থানগড়ের একটি জলসায় পরিচয়ের পর মহিদুল ভুক্তভোগীকে বিশেষ ঝাড়ফুঁক করানোর কথা বলে ৭ সেপ্টেম্বর বাড়িতে ডেকে নেন। সেখানে খাবারের সঙ্গে অচেতন করার ওষুধ মিশিয়ে তাকে নিয়ন্ত্রণহীন অবস্থায় রেখে নগদ ও বিকাশের মাধ্যমে প্রায় ১২ লাখ টাকা নিয়ে নেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য