খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ছয়টি বিশেষ উপহার প্রদান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন অঞ্চলের সুপরিচিত ও ঐতিহ্যবাহী সামগ্রী দিয়ে সাজানো হয়েছে এই উপহারের তালিকা। এর মধ্যে রয়েছে আসামের বিখ্যাত চা এবং কাশ্মীরের উচ্চমানের সুগন্ধী মশলা জাফরান, যা উপহারের আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে দু’দিনের সফরে ভারতে আসেন পুতিন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পুতিনকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
পুতিনের এই সফরে মোদি তার হাতে তুলে দেন ভগবদগীতার রাশিয়ান সংস্করণ। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন ও কৃষ্ণের কথোপকথন তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। মোদির মতে, এটি ভারতীয় দর্শন ও আধ্যাত্মিকতার অনন্য প্রতীক।
উপহারের তালিকায় আরও রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তৈরি রুপোর চা–সেট। কারুকাজ করা রুপোর তৈরি এই সেটে রয়েছে চায়ের পেয়ালা, কেটলি এবং কয়েকটি পাত্র, যা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও শিল্পের ঐতিহ্য তুলে ধরে। এছাড়া পুতিনকে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের তৈরি রুপোর ঘোড়ার শোপিস। উত্তরপ্রদেশের আগরায় নির্মিত মার্বেল পাথরের দাবার সেটও উপহারের তালিকায় স্থান পেয়েছে।
গত কয়েক বছরে ভারত–রাশিয়া সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়া থেকে খনিজ তেল আমদানির কারণে ভারতের রপ্তানি পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এই চাপের মুখেও ভারত তার নীতি থেকে সরে আসেনি। রাশিয়ার সঙ্গে বাণিজ্যনীতি অপরিবর্তিত রেখেই চলেছে দেশটি। দিল্লিতে পুতিনও একই বার্তা দিয়েছেন বলে জানা গেছে।
সূত্র- এনডিটিভি
খবরওয়ালা/এজে