খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ওই গ্রামের বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে চার নারীসহ পাঁচজন কুপিয়ে জখম হয়েছেন। শুক্রবার বিকেলের এ হামলায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ১৫ একর কৃষিজমি নিয়ে মন্নাফ হাওলাদার ও জামাল গাজীর পরিবারের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উভয় পক্ষ আদালতে মামলা করে। মামলার জেরে মন্নাফ হাওলাদার ও তার ১১ জন আত্মীয় কারাগারে থাকায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান জামাল গাজীর ভাই ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ গাজী।
এসময় মন্নাফ হাওলাদারের পরিবারের নারীরা বাধা দিলে উত্তেজিত আরিফপক্ষের লোকজন কদভানু (৪৫), শেফালী (৪০), নুর নাহার (৩৫), মমতাজ (৭০) ও সাদ্দাম হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় নারীদের চিৎকারে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পর নিহতরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত আরিফ গাজী অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, তার নেতৃত্বে কমপক্ষে ২০–২৫ জন হামলায় অংশ নেয় এবং ধান কাটার মেশিন নিয়ে জমিতে প্রবেশ করেছিল।
এদিকে, পুলিশের পক্ষ থেকে তিনজনকে আটকের কথা জানানো হয়েছে। এলাকাবাসীর দাবি, বিরোধপূর্ণ জমি নিয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে এ ঘটনা ঘটত না। তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।