খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
ভারতের মাটিতে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। গত বছর তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলেই লাল বলের ক্রিকেট শেষ করার পরিকল্পনা ছিল তার। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফেরেননি। বাঁহাতি এই অলরাউন্ডার দেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ না খেলেই অবসর নিতে চান না।
বর্তমানে আইএল টি-টোয়েন্টি খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন সাকিব। গত রবিবার অভিষেকে বিশেষ কিছু করতে না পারলেও তার দল এমআই এমিরেটস জিতেছে। একই দিনে মঈন আলীর সঙ্গে বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে তিনি জানিয়েছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে সব ফরম্যাট থেকে অবসর নেইনি। প্রথমবার এটি জানাচ্ছি। আমার পরিকল্পনা বাংলাদেশে ফিরে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া।’
তিনি আরও বলেন, ‘আমি বুঝাতে চাইছি, একটি সিরিজ খেলে সব ফরম্যাট থেকে অবসর নেব। সেটা টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ও টেস্ট হতে পারে, কিংবা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। যেভাবেই হোক, ভালো। তবে পূর্ণাঙ্গ সিরিজ খেলব এবং তারপর অবসর নেব।’
২০২৪ সালের মে মাসের পর সাকিব দেশে ফেরেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। জুলাই অভ্যূত্থানের সময় দেশে ছিলেন না, এরপর পাকিস্তান ও ভারতে দেশের হয়ে টেস্ট খেলেছেন। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমি আশাবাদী। এ কারণেই টি-টোয়েন্টি লিগ খেলছি। আশা করি ফিরতে পারব।’ ভক্তদের ভালোবাসা ফেরানোর বিষয়ে সাকিব বলেন, ‘যখন একজন খেলোয়াড় কিছু বলে, চেষ্টা করে সেটা অটল রাখে। হঠাৎ পরিবর্তন হয় না। ভালো খেলি কি না তা বিষয় নয়। খেলার জন্য যদি খারাপ সিরিজ হয়, সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘এটাই যথেষ্ট। ভক্তরা সবসময় সমর্থন করেছে। একটি হোম সিরিজ তাদের বিদায় জানানোর এবং কিছু ফিরিয়ে দেওয়ার সুন্দর সুযোগ।’
সাকিব ২০২৪ সালের জানুয়ারিতে নিজ জেলা মাগুরার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির কেরিয়ার এখনও শেষ করেননি। তিনি বলেন, ‘ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে, কিন্তু রাজনৈতিক কেরিয়ার বাকি আছে। এটি আমি বাংলাদেশ ও মাগুরার জনগণের জন্য করতে চাই। এটাই আমার ইচ্ছা। দেখা যাক আল্লাহ কোথায় নেন আমাকে।’
খবরওয়ালা /এসএস