খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর পুর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতপুর থানায় উভয়পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানাগেছে, গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের হাম্বার খাঁকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ উজ্জ্বল হোসেন ও আমিরুল ইসলাম মারপিট ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে উজ্জ্বল হোসেনের ভাতিজা বিজয় আলী বৈরাগীরচর বাজারের নীচে খেলা করা অবস্থায় হাম্বার খাঁর নেতৃত্বে সেলিম (৩৪), সিদ্দিক (৪৫), নয়ন (১৫) ও মিজান (৪০) সহ ৭/৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় হামলকারীরা রামদা ও লোহার রড ও লাঠিসোঠা দিয়ে বিজয় আলীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। বিজয়ের ওপর হামলার খবর পেয়ে উজ্জ্বল হোসেন (৩৫), আসাদুল (৫০), শামীম (২০), আমিরুল ইসলাম (৪০) ও আনারুল ইসলাম (৪৫) সহ ২০/২৫ জন সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষ হাম্বার খাঁ, লিটন, সিদ্দিকের বাড়িতে পাল্টা হামলা চালিয়ে ভাংচুর করে এবং সিদ্দিকের বাড়ি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। পরে হাম্বার খার লোকজন সংগবদ্ধ হয়ে উজ্জ্বল, আসাদুল, ঝর্ণা, হাবিল, বুলবুল, বেল্লাল, সাধন, হাফিজুল ও শুকুর আলী সহ ২০টি বাড়ি ভাংচুর ও লুট করে। হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে হাম্বার খা, উজ্জ্বলের স্ত্রী রেনু (২০), বিজয় আলী (১৫), শামীম (৩২) সহ উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিজয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রথমে দৌলতপুর হাসপাতালে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
বাঁকী আহতরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষ ও হামলার ঘটনায় উজ্জ্বল হোসেনের পক্ষে আসাদুল ও পাপিয়া বাদী হয়ে দৌলতপুর থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন এবং হাম্বার খার পক্ষে ববিতা খাতুন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে।