অপহরণের পর ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাবেক যুবলীগ নেতাকে উদ্ধার করল যৌথ বাহিনী

চট্টগ্রামের সাতকানিয়ায় জহির উদ্দিন মিন্টু (৪৯) নামের সাবেক এক ইউনিয়ন যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। তবে মুক্তিপণ দেওয়ার আগেই যৌথ বাহিনীর অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের বইক্যারপাড়া এলাকা থেকে জহির উদ্দিন মিন্টুকে অপহরণ করা হয়। তিনি সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। অপহরণের সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই মো. সোহেল (৩৫), যাকেও অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা আনার জন্য সোহেলকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

ভুক্তভোগীর ভাই সোহেল বলেন, ‘আমার ভাই বৈধভাবে ইজারা নেওয়া ডলু নদীর একটি অংশ থেকে বালু উত্তোলন করে গর্ত ভরাটের কাজ করেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ফোন করে এক ব্যক্তি বালু নেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে যেতে বলেন। আমরা সেখানে গেলে হঠাৎ ৭-৮ জন অস্ত্রধারী লোক এসে আমাদের মারধর করে ও ভাইকে তুলে নিয়ে যায়। তারা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।’

পরবর্তীতে মুক্তিপণের কথা বলে একটি মোবাইল ফোন ব্যবহার করে সেনাবাহিনী ও পুলিশকে বিষয়টি জানান সোহেল। পরে যৌথ বাহিনীর দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টার অভিযানে ভোরে অপহৃত জহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করা হয়।

সাতকানিয়া সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন পারভেজ বলেন, ‘অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। তবে সময়মতো যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে জহির উদ্দিন মিন্টুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।’

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিই। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

 

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।