অভিনেতা মাহফুজসহ চারজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর

অভিনেতা মাহফুজ আহমেদসহ তার স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

শনিবার (২২ মার্চ) এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে সিআইসি। সংশ্লিষ্ট বিষয়ে অবগত এনবিআরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একই চিঠিতে তার শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাদেরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়, তাদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত যেকোনো মেয়াদি আমানত হিসাব (এফডিআর, এসটিডিসহ), সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সঞ্চয় এবং বিনিয়োগসংক্রান্ত হিসাব থাকলে ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণীসহ সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিআইসি। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এককালীন ৫০ হাজার টাকা এবং পরবর্তী সময়ে প্রতিদিনের জন্য ৫০০ টাকা হারে জরিমানা আরোপ করা হবে।

আরেকটি চিঠিতে বলা হয়েছে, জি এম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের নামে পরিচালিত যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানি ব্যতীত) হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে হিসাবগুলোর সর্বশেষ স্থিতিসহ একটি পরিপালন প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।