আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ শুরু করেছে ‘কমান্ড সেন্টার’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দেশের বিদ্যমান অরাজকতা রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ‘কমান্ড সেন্টার’  আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে। 

এর আগে বিকেলের দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার কাছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক প্রতিবেদনের তথ্যও তুলে ধরা হয়।

কমান্ড সেন্টারের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘গতকাল থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছিল, একটি কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করা; যাতে প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে কী কাজ করছে, সেটি যাতে ভালোভাবে সমন্বয় করা যায়। আজ সন্ধ্যায় এটি কাজ শুরু করছে।’

তিনি বলেন, ‘এখানে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত, যেমন পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও র‍্যাব আছে। তাদের বাইরে সশস্ত্র বাহিনীরও প্রতিনিধি এতে থাকবে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।’

কমান্ড সেন্টার প্রতিষ্ঠার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব। তিনি বলেন, এতে খুব দ্রুত সাড়া দেওয়া যাবে। কোনো জায়গায় যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়, সেখানে দ্রুত সাড়া দেবে তারা।

কমান্ড সেন্টার কার অধীনে চলবে বা কী প্রক্রিয়ায় পরিচালিত হবে—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন কমান্ড সেন্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সমন্বয় করা হবে। প্রতিটি বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং নিয়মিত মনিটরিং হবে।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।