আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগ নিষিদ্ধের পরও দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা মিছিল-মিটিং করছে—এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে।

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।’

এ সময় আসন্ন নির্বাচন কবে নাগাদ হতে পারে—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে নির্বাচন কমিশনই দিন-তারিখ ঠিক করবে। আমরা শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি।’

আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।’

এ সময় বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার প্রসঙ্গ তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তখনও তো আপনারা (সাংবাদিকরা) মাঠে ছিলেন।’ এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, ভোট তো রাতে হয়েছিল। সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায়।’

সাবেক সিইসি নুরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনারের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।