মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক লাখ শলাকা অবৈধ ও শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেটসহ দুলাল পাল (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার শহরের মৌলভীবাজার রোড এলাকার এসএ পরিবহন সংলগ্ন ফুটপাত থেকে এসব অবৈধ সিগারেটের চালানসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকায় নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে গোপন সূত্রের মাধ্যমে তারা জানতে পারেন যে মৌলভীবাজার রোডের এসএ পরিবহন পার্সেল সার্ভিসের ঠিক সামনে রাস্তার পাশে খালি জায়গায় চোরাই ও শুল্ক ফাঁকি দেওয়া সিগারেটের এক বিশাল চালান জমা করা হয়েছে। এসব অবৈধ সিগারেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের অন্যান্য স্থানে চালান করার সুনির্দিষ্ট প্রস্তুতি চলছিল।
প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশের দলটি কালবিলম্ব না করে দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ফুটপাতে থাকা এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির নাম দুলাল পাল বলে শনাক্ত করে পুলিশ।
গ্রেফতারকৃত দুলাল পালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেখানো স্থান থেকে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে ১০ কার্টন অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত সিগারেটের মধ্যে রয়েছে ৮ কার্টন ‘স্টার’, ১ কার্টন ‘লিংক’ এবং ১ কার্টন ‘ফাইভ ফিল্টার কিংস’ ব্র্যান্ডের সিগারেট। যার মোট পরিমাণ দাঁড়ায় ১ লাখ শলাকা। উদ্ধারকৃত এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার বিস্তারিত জানিয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, অনুমোদনহীন ও শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি ও নিম্নমানের সিগারেট মজুদের অপরাধে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার বাজারগুলোতে শুল্ক ফাঁকি দেওয়া সব ধরনের অবৈধ পণ্যের বিস্তার রোধে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


