আওয়ামী লীগ কার্যালয়ে এবার ‘প্রেস ক্লাবের’ সাইনবোর্ড

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবার টাঙানো হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড। ওই কার্যালয়ে সাংবাদিক পরিচয়ে কয়েকজন নিয়মিত বসছেন বলেও জানা গেছে।

সম্প্রতি বেলকুচি পৌর শহরের চালা এলাকায় অবস্থিত দোতলা ভবনটিতে হঠাৎ করে বাংলাদেশ প্রেস ক্লাব, বেলকুচি উপজেলা শাখার নামফলক ঝুলিয়ে দেওয়া হয়। তবে ভবনের বামপাশে এখনও বিএনপির সাইনবোর্ড রয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ২০১৭ সালে আওয়ামী লীগের এই কার্যালয় নির্মাণ করেছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। পরদিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের নেতৃত্বে সেখানে বিএনপির সাইনবোর্ড ঝোলানো হয়। যদিও বিষয়টি সংবাদে প্রকাশিত হলেও সাইনবোর্ড সরানো হয়নি। সম্প্রতি সেখানে আবার প্রেস ক্লাবের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মূল ধারার কোনো সাংবাদিক এই সংগঠনের সঙ্গে যুক্ত নন। কয়েকজন নামমাত্র অনলাইন পত্রিকার পরিচয়ধারী ব্যক্তি রাজনৈতিক কার্যালয়ে বসেই প্রেস ক্লাবের নাম ব্যবহার করছেন।

বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বলেন, “বিএনপির সাইনবোর্ড টাঙানো হলেও সেখানে তাদের কার্যক্রম নেই। কয়েক দিন ধরে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ নামে নতুন একটি সাইনবোর্ড ঝুলেছে, আর সেখানে কয়েকজন বসছে। তবে এরা কেউ মূল ধারার সাংবাদিক নন।”

অন্যদিকে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল দাবি করেন, জায়গাটি তাঁদের পৈতৃক সম্পত্তি। তিনি বলেন, “২০০৯ সালের আগে এখানে বিএনপির কার্যালয় ছিল। লতিফ বিশ্বাস ও তার স্বজনেরা এটি দখল করেন। ভবনটি আওয়ামী লীগের হলেও জায়গাটা আমাদের। তবে প্রেস ক্লাবের সাইনবোর্ড কে লাগিয়েছে সেটা আমি জানি না।”

যোগাযোগের চেষ্টা করা হলেও বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলীর বক্তব্য পাওয়া যায়নি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।