দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। শূন্য দশকে চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রী একসময় নিয়মিত বড় পর্দায় উপস্থিত হলেও বেশ কয়েক বছর ধরে তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। ব্যক্তিজীবন নিয়েও তিনি দীর্ঘদিন ধরে অনেকটা আড়ালে রয়েছেন।
সম্প্রতি নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে অভিনয়জীবনে আর ফেরার সম্ভাবনা নেই—এমন ইঙ্গিত দিয়েছেন পপি। তিনি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান। তার এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি নিজের জীবন নিয়ে নতুন করে ভাবার কথা জানান। তিনি বলেন, সুন্দরভাবে বাঁচতে চান এবং সৃষ্টিকর্তার নাম নিয়ে জীবনের বাকি সময় কাটাতে চান। একই সঙ্গে অতীতে জীবনে যত পাপ করেছেন, সেগুলো থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে জীবন শেষ করার ইচ্ছার কথাও জানান তিনি।
পপির এই বক্তব্যের একটি অংশকে অনেকেই অভিনয় পেশার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন। বিশেষ করে অতীতে চলচ্চিত্রে কাজ করার সময়কে তিনি পাপের সঙ্গে তুলনা করেছেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে নানা আলোচনা। যদিও তার বক্তব্যের ব্যাখ্যা নিয়ে ভিন্নমতও রয়েছে।
পপির এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি পপির বক্তব্যের পাশাপাশি অভিনেত্রী মৌসুমীর পুরোনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন।
জয় তার পোস্টে লেখেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো।’
এরপর নিজের বক্তব্যে জয় মূলত দর্শকদের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তোলেন। তিনি বলেন, অভিনয়কে যদি পাপ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে যারা কোনো কিছু না বুঝেই তাদের অভিনয়ের ভক্ত হয়েছেন, তাদের অবস্থান কী—সেটিও ভাবার বিষয়।
জয়ের ভাষায়, ‘আপনারা তো ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’
পোস্টে জয় আরও বলেন, ইবাদতের সময় যেন সাবেক তারকারা তাদের ভক্তদের জন্যও দোয়া করেন। পাশাপাশি বর্তমানে যারা জনপ্রিয়, তারাও ভবিষ্যতে একই ধরনের বক্তব্য দেবেন কি না—সেই প্রশ্নও তোলেন তিনি।
অভিনেতা আরও প্রশ্ন করেন, বিষয়টি এমন দাঁড়ায় কি না যে, জীবনের একটি সময়ে পেশাগতভাবে কাজ করে পরে জীবন গুছিয়ে ধর্মীয় পথে ফিরে আসা হচ্ছে। তার এই বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
জয়ের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। কেউ কেউ আবার বিষয়টিকে ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও জীবনদর্শনের অংশ হিসেবে দেখার পক্ষে মত দেন।
এ আলোচনায় যুক্ত হন অভিনেতা বাপ্পারাজও। জয়ের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’
পপি ও মৌসুমীর বক্তব্য এবং জয়-বাপ্পারাজের প্রতিক্রিয়া ঘিরে তৈরি হওয়া এই আলোচনা মূলত চলচ্চিত্রে অভিনয়, ব্যক্তিগত বিশ্বাস এবং তারকাদের জীবনদর্শন নিয়ে নতুন করে বিতর্ক সামনে এনেছে। তবে পপি ভবিষ্যতে অভিনয়ে পুরোপুরি ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।


